দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরে একটি আবাসিক হোটেলের বহুতল ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার ও ১২টি মোটরসাইকেল পুড়ে গিয়েছে। এছাড়াও ভবনটিতে আটকা পড়া ১৭ ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে শহরের নূর হোটেল ইন্টারন্যাশনালের বহুতল ভবনের নিচতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে স্থানীয় ও ফায়ারসার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্র জানায়, নূর হোটেল ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলটি ছয়তলা বিশিষ্ট। বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে হোটেলের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে আগুনের সূত্রপাত ঘটে। একপর্যায়ে প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরিত হলে আশেপাশে আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রাইভেটকার ও ১২ টি মোটরসাইকেল পুড়ে যায়। এ সময় আগুনের ধোঁয়া ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়লে ভবনটিতে থাকা ১৭ জন ব্যক্তি জীবন বাঁচাতে ছাদের উপর অবস্থান নেন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে এনে আটক পড়া লোকদের উদ্ধার করে।
এসময় নূর হোটেল ইন্টারন্যাশনালের ম্যানেজার মাহবুব বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা আমরা বলতে পারছি না। নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি প্রাইভেটকার ও ১২টি মোটরসাইকেল পুড়ে যায়। আগুনের ধোঁয়া ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়লে আমরা বেশ কয়েকজন উপরে আটকা পড়ে যাই। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলে আমরা নিরাপদে বের হয়ে আসি।
এ বিষয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শংকর বিশ্বাস বলেন, নূর হোটেল ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি দল। এ সময় হোটেলের নিচতলায় রাখা গাড়িতে আগুন জ্বলছিল এবং ভবনের বিভিন্ন তলায় ১৭ জন আটকা পড়েছিলেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আটকে পড়া ১৭ জনকে নিরাপদে উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিচতলায় আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ তদন্তের পর জানা যাবে।
কেএম